জাতীয় সংসদে গানে গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন মানিকগঞ্জ থেকে নির্বাচিত সরকারি দলের সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ বেগম। গতকাল বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গানে গানে বক্তব্য শেষ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে গানে গানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে মমতাজ বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই/ আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি/ আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই/ আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য/ তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই/ সবার হাতে তালি চাই।’ মমতাজের এই গানের একপর্যায়ে বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মাইক বন্ধ হয়ে যায়। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে আরও এক মিনিট সময় দেন। গান শেষ হলে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মমতাজকে সমর্থন জানান।
গতকাল ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম, সরকারি দলের সাংসদ আলী আশরাফ, জিল্লুল হাকিম, মেহের আফরোজ, নুরুন্নবী চৌধুরী প্রমুখ।