দেশে ডিজেলের সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা : বিপিসি

দেশে ডিজেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সামছুর রহমান। তিনি বলেন, হঠাৎ করেই শোনা যাচ্ছে, দেশে ডিজেলের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে দামও। তাই বেড়ে গেছে ডিজেল বিক্রির পরিমাণ। বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সংকটের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম আদায় অথবা অবৈধ মজুদ গড়ে তুললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বিপিসির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে এই মুহূর্তে ডিজেলের কোনো সংকট নেই। বরং এখন আমাদের কাছে ১৩ দিন সরবরাহ করা যাবে এমন পরিমাণ ডিজেল আছে। কেউ যদি গুজব ছড়িয়ে ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।