করোনাভাইরাস মোকাবিলায় ১২২ কোটি টাকা দিচ্ছেন জ্যাক মা

চীনের নতুন করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সহায়তা দিতে এগিয়ে এসেছেন দেশটির ধনকুবের জ্যাক মা।

ভাইরাসটি প্রতিরোধে তিনি ১৪.৫ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২২ কোটিরও বেশি টাকা।

হিন্দুস্তান টাইমস জানায়, নিজের দাতব্য ফান্ড থেকে বিপুল পরিমাণ এই অর্থ দেবেন বিশ্বের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা।

তার সঙ্গে যুক্ত আছে আরেক মার্কিন ধনকুবের ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

উইবো অ্যাকাউন্টে জ্যাক মা বলেন, আমরা জানি মানবিকতা এবং রোগব্যাধির মধ্যে যে লড়াই সেটি অনেক দীর্ঘ। এই অর্থ রোগ প্রতিরোধে এবং নানা মেডিকেল গবেষণায় সাহায্য করবে।

তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনোভাইরাস। ইতিমধ্যে আরও ১৬টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনোভাইরাসে বুধবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন বের করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে আক্রান্তদের মধ্যে যাদের হালকা লক্ষণ থাকে, তারা সেরে উঠতে পারেন।

তবে এটি কঠিন শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ সৃষ্টি করলে মৃত্যু হতে পারে। দেখা গেছে, মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত বা অন্যান্য জটিলতা ছিল।