সন্ত্রাসবাদ-সংঘাত মোকাবিলায় চবি প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ২য় দিন

আফগানিস্তান এবং ইরাকে সন্ত্রাসবাদের তিক্ত অভিজ্ঞতা থেকে বেসরকারি সামরিক সংস্থা স্থাপনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ২য় দিনের কর্মসূচি শেষ হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের ২য় দিনের এসব কর্মসূচি সকাল নয়টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

প্রতীকী এ সম্মেলনের আয়োজকেরা জানান, দ্বিতীয় দিনের অধিবেশনে প্রতিনিধিগণ আটটি পরিষদে বিভক্ত হয়ে তাদের পূর্ব নির্ধারিত আলোচ্যসূচি নিয়ে আলোকপাত করেন। 

শুধু বেসরকারি সামরিক সংস্থা স্থাপন নয়, বৈশ্বিক জলবায়ুর বিরূপ পরিবর্তন হ্রাসকরণে সমগোত্রীয় শ্রেণির  জনগণের জন্য করণীয় নিয়েও আলোচনাও করা হয়। অধিবেশন চলাকালে আর্টিক দেশ সমূহের মধ্যে গত ২০ বছর যাবৎ যে বিরোধ চলে আসছে, তার  উৎস খুঁজে বের করার  তাগিদ দেন আর্টিক পরিষদের প্রতিনিধিগণ।

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী তরুণদের উদ্বুদ্ধকরণ’ এই প্রতিপাদ্যে গতকাল বুধবার থেকে চার দিনব্যাপী এ ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু হয়। যা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (সিইউএমইউএন) এই প্রতীকী সম্মেলনের আয়োজন করেছে।

প্রতীকী এ সম্মেলন সংস্থার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজনের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। 

উল্লেখ্য, এ বছর প্রতীকী এই সম্মেলনে সম্মেলনে দেশ-বিদেশের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী এবং ২৬ জন বিচারক অংশ নিচ্ছেন।