অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে আরেকবার জ্বলে উঠলেন রাকিবুল হাসান। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এবারের আসরে সেটিই ছিল প্রথম হ্যাটট্রিকের কীর্তি।
এবার এই বাঁহাতি স্পিনার জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। নিলেন ৫ উইকেট।
রাকিবুলের বোলিং নৈপুণ্যে স্বাগতিক দলকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এরপর ২০১৬ সালে সেমিফাইনালে খেলেছিল তখনকার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে স্বাগতিকদের ১০৪ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশের যুবারা। জবাবে রাকিবুলের ঘূর্ণিতে ৪২.৩ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ওপেনার জোনাথন বার্ডকে ফিরিয়ে উইকেট উৎসব শুরু করেছিলেন রাকিবুল। সর্বোচ্চ ৬০ রান করা লুকে বেউফোর্টকে ফিরিয়ে পূরণ করেন নিজের ৫ উইকেট। মাঝে ফিরিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ব্রাইস পারসনস (৭), ফেকো মোলিটসানে (১) ও তিয়ান ভন ভিউরেনকে (৯)।
ম্যাচে রাকিবুলে বোলিং ফিগার ৯.৩-০-১৯-৫। দারুণ নৈপুণ্যে ম্যাচসেরাও হয়েছেন রাকিবুল। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে রাকিবুল আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন সাত নম্বরে।