ভোটকেন্দ্র দখলের শঙ্কায়, প্রতিকার চেয়ে সিইসিকে চিঠি তাবিথের

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভোটের দিন ভোটকেন্দ্রগুলো দখল ও নিয়ন্ত্রণে রাখতে পারে দাবি করে এর প্রতিকার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর চিঠি দিয়েছেন ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

গতকাল বৃহস্পতিবার রাতে এ চিঠি দেন তিনি। সিইসিকে দেওয়া চিঠিতে তাবিথ আউয়াল লিখেছেন, ‘আজ ৩০ জানুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত “ভোটকেন্দ্র পুরো নিয়ন্ত্রণে রাখতে চায় আ.লীগ” এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ “অকোপাই, কন্ট্রোল পোলিং সেন্টার্স” শীর্ষক দুটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী সভায় বক্তৃতাকালে ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এজাতীয় কোনো খারাপ দৃষ্টান্ত যাতে না ঘটে সে জন্য জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।’