ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংগঠনটির স্থায়ী কমিটির বৈঠকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন তারেক রহমান। এ সময় তাকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন স্থায়ী কমিটির সদস্যরা।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থায়ী কমিটির একজন সদস্য দেশ রূপান্তরকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৈঠকে তারা তাদের প্রস্তুতি সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিছু নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে দুই সিটির নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দুই নেতা ছাড়াও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান।