না জানিয়ে আ.লীগের মুজিববর্ষের সভা করা উচিত হয়নি : সিইসি

ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের দুই দিন আগে নির্বাচন কমিশনকে (ইসি) না জানিয়ে আওয়ামী লীগের মুজিববর্ষের সভা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

 নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘বিধিতে বলা আছে তারা যেতে পারবে, তাদের নিবন্ধন প্রয়োজন হবে না।’

ইসির সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এদিকে ইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই সিটি নির্বাচনে ‘নিয়ন্ত্রিত পরিস্থিতি সৃষ্টি’ করে আওয়ামী লীগ জয় পেতে চায়। তাদের ভোট সুরক্ষার দায়িত্ব নিয়েছে ইসি।

মুজিববর্ষের সভার বিষয়টি বিএনপি আজকে কমিশনের কাছে জানতে চেয়েছিল উল্লেখ করে নুরুল হুদা  বলেন, ‘সভার বিষয়ে তারা (আওয়ামী লীগ) আগে আমাদের কিছু জানায়নি। পরে উনারাই (বিএনপি) জানালেন সভা হচ্ছে। পরে চেক করে দেখলাম সভা হচ্ছে–সেটা নির্বাচন সংক্রান্ত জনসভা নয়, মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। তবে আমি মনে করি, নির্বাচনকে সামনে রেখে এই সভাটা তাদের না করাই উচিত ছিল। আর করার দরকার হলে আমাদের অনুমতি বা পরামর্শ নেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটি নেননি, আমরা জানিই না।’

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘বিধিতে বলা অছে তারা যেতে পারবে, তাদের নিবন্ধন প্রয়োজন হবে না। স্থানীয় পর্যবেক্ষকরা তো বাইরে থেকে আসেনি, তারা এখানকার। বিভিন্ন দূতাবাসে যারা আছেন তারা এখানকার। তারা তালিকা দিলে আমরা পরীক্ষা করে তাদের অনুমতি দিতে পারি। সে অনুমতি আছে, গাজীপুরসহ বিভিন্ন সিটি নির্বাচনেও তারা পর্যবেক্ষণ করেছে। তাদের ওপর আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে। তারা যেন বিধির বাইরে কোনো রকম আচরণ করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা থাকবে।’

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দূতাবাসের ৭৮ জন বিদেশি পর্যবেক্ষক কমিশনের অনুমতি নিয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন বিদেশি ও ২৮ জন দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিক রয়েছেন।