শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি ওবায়দুল কাদের

শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএসএমএমইউয়ে সাংবাদিকদের বলেন, ‘উনার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, হৃদ্‌রোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৪ মার্চ সিঙ্গাপুর পাঠানো হয়।

পরে ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিৎসা নিয়ে আসছিলেন।