ভারতে পুলিশের গুলিতে নিহত শিশু জিম্মিকারী, গণপিটুনিতে স্ত্রীর মৃত্যু

শিশুদের আটকে রেখে খুনের মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছিল ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি। পুলিশ অভিযান চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। তার স্ত্রীও নিহত হয় জনতার গণপিটুনিতে।

টাইমস অব ইন্ডিয়া, উত্তরপ্রদেশের ফারুখাবাদে ২৩ শিশুকে জিম্মি করে রাখে সুভাষ বাথাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে পরাস্ত করে নিরাপত্তা বাহিনী। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় জিম্মি শিশুদের।

রাজ্য পুলিশের আইজি (কানপুর) মোহিত আগরওয়াল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মেয়ের জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে নিজের স্ত্রী-কন্যাসহ এসব শিশুকে জিম্মি করে রাখে সুভাষ। তার বিরুদ্ধে আগেই খুনের অভিযোগ ছিল। কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও শিশুরা বাড়ি না-ফেরায় কিছু গ্রামবাসী তার বাড়িতে যায়। গ্রামের মানুষদের দেখে বাড়ির জানালা থেকে বোমাও ছুড়ে মারে সুভাষ।

এমন পরিস্থিতিতে রাতে জরুরি বৈঠক ডাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। অভিযানের জন্য রাতেই বিশেষ কমান্ডো বাহিনীর একটি দলকে ফারুখাবাদের পাঠানো হয়।

দীর্ঘ ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয় জিম্মি শিশুদের। এরপরই স্থানীয়দের রোষের মুখে পড়ে মৃত্যু হয় সুভাষের স্ত্রীর।