গান শুরু হতেই কবর থেকে উঠে এলো মৃত মানুষ! (ভিডিও)

রোশান-মুন ও সজল-পূজা জুটির ‘জিন’ সিনেমার কাজ শেষ হয়েছে সম্প্রতি। তবে ভিএফএক্সের কাজ এখনো কিছু বাকি আছে বলে জানিয়েছেন পরিচালক নাদের চৌধুরী।

তিনি জানান ২০১৯-এর অক্টোবরে দৃশ্যধারণ শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। এদিকে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ছবির একটি গান। জিন-ভূতের কথা নিয়ে গানটি বেঁধেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। কিসলু আহমেদের সুর-সংগীতে এটি গেয়েছেন কিশোর দাস ও দিঠি আনোয়ার।

গানটিতে দেখা যায়, গানের কথায় জিন আর ভূত থাকলেও পর্দায় এসেছে ভ্যাম্পায়ারের আদলে কবরস্থানের কিছু ‘মৃত’ মানুষ। আর এতে হাজির হয়েছেন রোশান ও মুন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে ভিএফএক্সের কাজ শেষ হলেই সিনেমাটি সেন্সরে জমা পড়বে। তারপর চূড়ান্ত করা হবে মুক্তির তারিখ।