দুই বছর শিকলে বাঁধা যুবক: উদ্ধার করলেন ইউপি চেয়ারম্যান

সাভারে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্তের অভিযোগ তুলে প্রায় দুই বছর ধরে শিকলে বেঁধে রাখা এক যুবককে উদ্ধার করেছেন কাউন্দিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত।

জানা যায়, ভুক্তভোগী ওই যুবকের নাম মোহাম্মাদ টিপু (২৬)। সে কুমারবাড়ি গ্রামের মো. মহসিনের ছেলে। সে আগে পরিবহন খাতে কাজ করত। প্রায় দুই বছর ধরে তার পরিবার মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্তের অভিযোগ তুলে তাকে একটি ভাঙা ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছিল।

অসহায় যুবকটির কথা জানতে পেরে শুক্রবার জুম্মার নামাজের পর ইউপি চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত ইউনিয়নের কুমারবাড়ি গ্রাম থেকে টিপুকে বন্দীদশা থেকে উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান প্রথমে টিপুর শিকল কাটার ব্যবস্থা করেন। পরে নাপিত ডেকে তার চুল-দাঁড়ি কেটে নিজ হাতে গোসল করিয়ে খাইয়ে দেন। দীর্ঘদিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে এবং মানুষের স্নেহ পেয়ে টিপুসহ ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীদের অনেকে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

টিপুকে প্রাথমিকভাবে তার মায়ের কাছে থাকার ব্যবস্থা করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। এছাড়া অসহায় এই যুবকটির ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইউপি চেয়ারম্যান বলেন, লোকমুখে খবর পেয়ে যুবকটিকে লোকজন সঙ্গে নিয়ে গিয়ে উদ্ধার করি। এ সময় তার সঙ্গে কথা বলে স্বাভাবিক মনে হওয়ায় তাকে শেকলমুক্ত করারও ব্যবস্থা করি। পরে নাপিত ডেকে তার চুল-দাঁড়ি কেটে গোসল করিয়ে ও খাবার খাইয়ে বিশ্রামের জন্য তার মায়ের কাছেই থাকার ব্যবস্থা করে দিয়েছি।

তিনি বলেন, শুনেছি যুবকটি আগে পরিবহন খাতে কাজ করত। সামনে সে যদি স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে তবে তার পরিবারের সঙ্গে কথা বলে অটোরিকশা কিনে দিয়ে পুনর্বাসনের চেষ্টা করব। এর মধ্যে টিপুর যদি কোনো রকম সমস্যার সৃষ্টি করে, তাহলে তার মাকে বিষয়টি আমাকে জানানোর জন্য বলেছি।