প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে একদিন পিছিয়ে রবিবার শুরু হচ্ছে ৩৪তম জাতীয় কবিতা উৎসব। এবারের উৎসবে প্রতিপাদ্য ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।’
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উৎসবের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। তিনি বলেন, ‘দু’দিনব্যাপী কবিতা উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে। রবিবার সকালে উৎসবের উদ্বোধন করবেন কবি মহাদেব সাহা। উৎসবে তিনজন ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করা হবে। এবার সুইডেন, উজবেকিস্তান, কলকাতা, আসাম, নেপালসহ বিভিন্ন দেশের কবিকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে দুই শতাধিক কবি এই কবিতা উৎসবে রেজিস্ট্রেশন করেছেন। ২ ও ৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলবে, যা সবার জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কবিতা পরিষদের আহ্বায়ক শিহাব সরকার, কবি মুহম্মদ নূরুল হুদা, দিলারা হাফিজ, তাজাকিস্তানের কবি নাদিরা আবদুল্লাহয়েজ প্রমুখ।
কবি তারিক সুজাত বলেন, ‘আগামী বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। একই সঙ্গে কবিতা উৎসবের ৩৫ বছর পালন করা হবে। ফলে বছরব্যাপী আমাদের নানা কর্মসূচি থাকবে।’