ঢাকা সিটির নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীর কড়া সমালোচনা করেছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
ঢাকা উত্তর সিটিতে বিএনপির প্রার্থী হয়েছেন তাবিথ আউয়াল। দক্ষিণে দলটির প্রার্থী ইশরাক হোসেন। শনিনবার এ নির্বাচনের ভোটগ্রহণ।
তার আগে শুক্রবার রাতে শিক্ষা উপমন্ত্রী তার ফেইসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন-
'আমাদের রাজনীতির এক চরম বাস্তবতা। একেবারে সুর আর অসুরের মধ্যে প্রতিযোগিতা হয়, অতি ভালো আর অতি খারাপের মধ্যে হয়। মাঝামাঝির সূযোগটি একটি রাজনৈতিক দল আর আমাদের দিলোনা। আগামীকাল রাজধানী ঢাকার মেয়র নির্বাচনের ভোট। দক্ষিণ ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কে দাড়ালো? একজন সফল আইনজীবী। বাবা মা কে শিশু বয়সে নির্মম নৃশংস ১৫ই আগস্ট ১৯৭৫এ বঙ্গবন্ধুর সাথে হারিয়েছেন। কিন্তু কঠিন পরিশ্রম করে নিজের ভাগ্য গড়েছেন। আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। সরকারকে রাজস্ব দিয়ে আয় করে নিজের প্রতিষ্ঠান গড়েছেন, কর্মসংস্থান করেছেন। সফল এম পি ছিলেন। চ্যালেঞ্জ না নিলেও পারতেন। নিজের লাভজনক পেশা ছেড়ে, মানুষের সেবা করতে এসেছেন, মেয়র হয়ে জনগনের সেবা করার ব্রত নিয়ে নেমেছেন যুদ্ধে৷ ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। আর বিএনপি থেকে কে দাড়ালো? কিশোর বয়সেই বাবার সাথে সিটি কর্পোরেশন এর দুর্নীতিতে নিমজ্জিত একজন ব্যাপক প্রিভিলেজপ্রাপ্ত ব্যক্তি। তাদের দলের অনেকেই এ মনোনয়নে বিস্মিত ছিলো, একজনও কি ছিলোনা স্বচ্ছ ইমেজের? উত্তর ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী একজন সফল উদ্যোক্তা, হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন। দুর্নীতি দুরের কথা কোটি টাকা রাজস্ব দিয়েছেন সরকারকে। পারতেন আরাম আয়েসে বাকি জীবন পার করে দিতে, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম। তিনি তা করেন নাই। আর ওদিকে বিএনপির উত্তরের প্রার্থী? পানামা পেপারে আন্তর্জাতিক অর্থপাচার কেলেঙ্কারিতে নাম আসা, দেশের টাকা বিদেশে অবৈধভাবে পাঠানো ব্যক্তিদের তালিকার শীর্ষে থাকা, আরেকজন প্রিভিলেজপ্রাপ্ত ব্যক্তি। সবাই বলে ঢাকার পার্টি বয়। এখানেও বিএনপির কর্মীরাই বলাবলি করছে অকশন করে বিক্রি হয়েছে নমিনেশন। যাই হোক, আমাদের দুর্ভাগ্য। রাজনৈতিক সংস্কৃতিতে একটি পক্ষ যদি একেবারেই নগদ নারায়ণে শুধু আস্থা রাখে দেশের সবার জন্য এটি ক্ষতিকারক। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের সবচেয়ে বড় ক্ষতি করে সেই রাজনৈতিক দল যারা নমিনেশন বিক্রি করে, রাজনৈতিক কার্যক্রমকে শুধুই পকেটভারীর পেশা হিসেবে দেখে। শুধু সুন্দর নির্বাচনেই দেশের গণতন্ত্র আগায় না, প্রার্থীর যোগ্যতা তার ন্যায় নিষ্ঠা সবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের রাজনীতির ক্ষতি করা এই রাজনৈতিক দলটি হলো বিএনপি। আফসোস চেতনাবোধ আসলো না এদের মাথায় বসা ব্যক্তিদের। বাস্তবতা হচ্ছে মাথায় যদি ক্যান্সার থাকে সারাশরীরের অবস্থা খারাপ থাকবে। তাই উনারা সারা শরীরেই রাজনৈতিক ক্যান্সার নিয়ে পুড়ছেন। আশারাখি আমরা, একদিন ভালোর সাথে আরও ভালোর যুদ্ধ হবে। সেই সুদিন আসা পর্যন্ত্য এই অপশক্তিকে বাংলার মানুষ পরিত্যাগ করুক, পরাজিত হোক এই অপরাজনৈতিক ধারকবাহক দলটি।'
ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন আতিকুল ইসলাম। দক্ষিণে ক্ষমতাসীনদের প্রার্থী ফজলে নূর তাপস।