শ্রীলঙ্কাকে হারাতে পারল না জিম্বাবুয়ে

ভালো সম্ভাবনা জাগিয়েও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে পরাজয়ের লজ্জা দিতে পারল না জিম্বাবুয়ে। কুসল মেন্ডিসের সেঞ্চুরিতে পার পেয়ে গেল অতিথি লঙ্কানরা।

হারারেতে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৬১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে শ্রীলঙ্কা ৩ উইকেটে ২০৪ রান করতেই শেষ হয়ে যায় পঞ্চম ও শেষ দিনের খেলা।

জিম্বাবুয়ের বোলারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান কুসল মেন্ডিস। ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ২৩৩ বলের ইনিংসে রয়েছে ১৩ চার ও এক ছক্কার মার। অন্যদের মধ্যে ওপেনার ওশাদা ফের্নান্দো ৪৭ রান করেন।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। ফলে ১-০ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নিল অতিথি দল।

ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। সিরিজ সেরা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।