কড়া নিরাপত্তায় ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু

কড়া নিরাপত্তায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।

প্রাথমিকভাবে কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।