‘দেরিতে আসায়’ বিএনপি এজেন্টদের ঢুকতে দিলেন না প্রিসাইডিং অফিসার

ভোটগ্রহণ শুরু হওয়ার পরে কেন্দ্রে আসায় বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনেক ভোটকেন্দ্রেই বিএনপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলটির প্রার্থীরা।

প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল সকাল ৮টার আগে এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকার। আটটার পরে আসায় বিএনপির এজেন্টদের এলাউ করেনি।

উত্তরার ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী আকবর ও ৪৯ নং ওয়ার্ডের প্রার্থী শাহাবুদ্দীন অভিযোগ করেন, কেন্দ্রে আসার পথে এজেন্টদের মারধর করা হয়েছে। তারা আহত হয়েছে। আসতে পারছিল না তাই দেরি করে এসেছে।

তারা অভিযোগ করেন, এজেন্ট দেওয়ার সময় দক্ষিণ খান গার্লস স্কুলের সামনে তাদের ওপর হামলা হয়।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করা হচ্ছে।

এবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।

কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।