ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় জানিয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রার্থীরা। তবে ভোটের দিনের চিত্র ছিল ভিন্ন।
বহু কেন্দ্রে খোঁজ মেলেনি মাঠের বিরোধী দল বিএনপির প্রার্থীদের এজেন্ট। দেখা যায়নি সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীদের এজেন্টও। অবশ্য বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। অনেককে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। বাইরে শত শত বহিরাগত নৌকার ব্যাজ পরে মহড়া দিচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানমন্ডি এলাকার অনেক কেন্দ্রেই বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি। তবে সরকারি দলের এজেন্ট ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু কেন্দ্রে হাতপাখার এজেন্ট আছে।
প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজেদা বেগম বলেন, ‘আমাদের কোনো এজেন্ট এখানে নেই। প্রায় সব কেন্দ্রে ঘুরে দেখছি, কোথাও ধানের শীষের এজেন্ট নাই। আমাদের কাউন্সিলর পদেরও এজেন্ট নাই।’
তিনি অভিযোগ করেন, এজেন্টরা তাকে জানিয়েছেন যে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কেউ ঢুকতে পারেননি।
ধানমন্ডির সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, মেয়র পদের নৌকা ও হাতপাখার এজেন্ট আছে, তবে অন্য কোনো মার্কার কেউ এখনো আসেননি।
ভোটগ্রহণ শুরু হওয়ার পরে কেন্দ্রে আসায় বিএনপির এজেন্টদের ঢুকতে দেননি ঢাকা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান।
তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল সকাল ৮টার আগে এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকার। ৮টার পরে আসায় বিএনপির এজেন্টদের এলাউ করিনি।
উত্তরার ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী আকবর ও ৪৯নং ওয়ার্ডের প্রার্থী শাহাবুদ্দীন অভিযোগ করে বলেন, কেন্দ্রে আসার পথে এজেন্টদের মারধর করা হয়েছে। তারা আহত হয়েছে। আসতে পারছিল না তাই দেরি করে এসেছে।
তারা আরও বলেন, এজেন্ট দেওয়ার সময় দক্ষিণ খান গার্লস স্কুলের সামনে তাদের ওপর হামলা হয়।
সকালে নিজের ভোট দেওয়ার ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘কয়েকটি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।’
কেন্দ্রগুলোতে বিএনপির প্রার্থীদের এজেন্টদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘তারা যদি এজেন্ট দিতে না পারে সেটা তাদের সাংগঠনিক দুর্বলতা। এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই।’
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, ‘বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।’