রাজধানীর যাত্রাবাড়ীতে বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
যাত্রাবাড়ীর স্বামীবাগ এলাকার ৪০ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন খান টিপু অভিযোগ করেন, তার ওয়ার্ডের ৭টি কেন্দ্রে বিএনপি সমর্থক পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দুপুরে কেন্দ্রে ঢুকতে না পেরে সেখানকার মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন খানের কর্মী-সমর্থকরা।
মকবুল হোসেন খান বলেন, সকাল ৭টা থেকে এখন পর্যন্ত তাদের কোনো পোলিং এজেন্ট ওই ওয়ার্ডের ৭টি কেন্দ্রে ঢুকতে পারেননি।
যে কয়েকজন গিয়েছিলেন তাদের মারধর ও হুমকি দিয়ে বের করে দিয়েছেন এখানকার নৌকা সমর্থক পোলিং এজেন্ট ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নাসরিন সুলতানা নামে বিএনপির একজন পোলিং এজেন্ট অভিযোগ করেন, ‘কেন্দ্রের ভেতরে তার মোবাইল ভেঙে মামলা ও মৃত্যুর হুমকি দিয়ে তাকে মিতালী বিদ্যাপীঠ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’
রোকসানা বেগম নামে চল্লিশোর্ধ্ব একজন পোলিং এজেন্ট বলেন, ধানের শীষের এজেন্ট ওই কেন্দ্রগুলোতে থাকতে পারবে না বলে তাদের হুমকি দেওয়া হয়েছে।
এদিকে মিতালী বিদ্যাপীঠ কেন্দ্রে গিয়ে সেখানে ধানের শীষ ও বিএনপি সমর্থক কোনো পোলিং এজেন্ট পাওয়া যায়নি।