ঢাকা দক্ষিণে ১০০ কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির

একশ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে দলটির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম আজাদ।

 তিনি জানান, তারা এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়ার কথা জানতে পারেননি।

ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনও অভিযোগ করেছেন যে, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।

এদিকে কেন্দ্র বিএনপির পোলিং এজেন্ট না থাকা বিএনপির সাংগঠনিক অদক্ষতা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি এলাকা ঘুরে অনেক কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাননি সাংবাদিকেরা। অনেক কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের উপস্থিতি নেই।

আবার বেশ কিছু কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টরা তাদের প্রার্থীদের নাম ঠিকানা ঠিকমতো বলতে পারেননি।

পোলিং এজেন্টদের বিষয়েও মন্তব্য করেন সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘কোনো দলের এজেন্টরা অভিযোগ করলে সেটি কেন্দ্রে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে হবে। আর এজেন্টদেরও সেরকম সামর্থ্য থাকতে হবে কেন্দ্রে টিকে থাকার। একজন বেরিয়ে যেতে বললেই বেরিয়ে গেলে হবে না।’