সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

মোংলার সুন্দরবন থেকে প্রায় ৫০ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগ।

শনিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদী সংলগ্ন বাদামতলী খাল থেকে ওই শিকারিকে হরিণের মাংস ও ফাঁদসহ আটক করে বনপ্রহরীরা।

আটক আসাদুল জমাদ্দারের (৩৫) বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, শনিবার সকালে খবর পেয়ে বনের বাদামতলী খালে অভিযান চালিয়ে ৫০ কেজি মাংস ও হরিণ শিকারের কয়েকটি ফাঁদসহ আসাদুল জমাদ্দারকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে আসাদুল জমাদ্দারকে আটকের সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কতিপয় সদস্যদের বিরুদ্ধে।

স্বজনপ্রীতির মাধ্যমে ছেড়ে দেওয়া ওই শিকারিরা বন বিভাগে চাকরিরত এক বন কর্তার চাচাতো ভাই।

এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার মো. কামরুল হাসান বলেন, ওই দুজন বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।