ইভিএমে কিছু ত্রুটি থাকায় নির্দিষ্ট সময়ে সব কেন্দ্রে সময়মতো শেষ হয়নি ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কিছু কেন্দ্র নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ অব্যাহত থাকে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল বিকেল ৪টায়।
প্রথমবারের মতো সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হয়।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে শিল্পকলা একাডেমি থেকে। সেখানকার ২৫টি কক্ষ থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
উত্তর সিটির ফলাফল ঘোষণা করা হবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে।
সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে বিকেলে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান।
বিএনপির পক্ষ থেকে তাদের এজেন্ট বের করে দেওয়াসহ নির্বাচন সুষ্ঠু না হওয়া বিষয়ে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। যা অস্বীকার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দুই সিটির ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে ভোট হয়। দুই সিটি মিলিয়ে ভোটার আছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সাড়ে সাতশ।