মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ভগ্নিপতি ও শ্যালক আহত

মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম মনির (৩৫) ও জাহিদুল ইসলাম (২৪) নামে ঘের ব্যবসায়ী ভগ্নিপতি-শ্যালক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত দেড়টার দিকে মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের শ্রীপুর গ্রামের সম্বলডাঙ্গা বিলে। পুলিশ ঘটনাস্থল থেকে শটগানের তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।

আহত মনিরুলের ভাই আক্তার হোসেন জানান, তার ভাই মনিরুল ও তার শ্যালক জাহিদুল ঘের ব্যবসায়ী। শুক্রবার রাত দেড়টার দিকে বিলের মধ্যে ঘেরের পানি সেচতে গিয়েছিলেন তারা। ওই সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা খারাপ হওয়ায় রাত সাড়ে ৩টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন ডাক্তার।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ মাহমুদ বলেন, ছররা গুলি তাদের পেট, গলা ও মাথায় বিদ্ধ হয়েছে। এক্স-রে রিপোর্ট দেখার পর অবস্থা বলা যাবে।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘের নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে শটগানের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আক্রান্তদের কেউ অভিযোগ না করলেও পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করবে।