কফি পানরত রিটার্নিং কর্মকর্তার অভিযোগ শোনার সময় নেই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ওঠা নানা অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষ থেকে তার এক প্রতিনিধি নির্বাচন কমিশনে (ইসি) গেলেও সে সম্পর্কে কিছু শুনতে চাননি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন কেন্দ্রের ৩২টি অভিযোগ নিয়ে তাবিথের পক্ষ থেকে ইসিতে যান তার প্রতিনিধি মো. জুলহাস উদ্দিন। কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ দেননি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

জুলহাস অভিযোগের তালিকা নিয়ে গেলে কফিতে চুমুক দিতে দিতে আবুল কাশেম বলেন, ‘লিখিত অভিযোগ দিয়ে যান। এখন কথা শোনার সুযোগ নেই।’ তখন জুলহাস রিটার্নিং কর্মকর্তাকে বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও মারধরসহ বেশ কিছু অভিযোগ নিয়ে এসেছি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ জবাবে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘অভিযোগ দিয়েছেন, রেখে দিলাম। এখন কথা শোনার সময় নেই। অভিযোগ কি আগেই লিখে রেখেছিলেন নাকি!’ প্রতি-উত্তরে জুলহাস বলেন, ‘আগে কেন লিখে রাখব? আমাদের এজেন্টদের বের করে দেওয়া, মারধর করছে নৌকা প্রার্থীর কর্মীরা। অনেকের মাথা ফাটিয়েছে, তারা হাসপাতালে আছে। আজ ভোট, আপনি এখন ব্যবস্থা না নিলে এমনটা হতে থাকবে।’ তখন কফি পানরত আবুল কাশেম বলেন, ‘অভিযোগ দিয়েছেন দেখব। আগেও তো দেখেছি।’