চলছে নিরুত্তাপ হরতাল, নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

নিরুত্তাপ এই হরতালে রাজধানীর জনজীবনে তেমন প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকেই রাস্তায় গাড়ি চলাচল করছে, যদিও সংখ্যায় তুলনামূলক কম।

বিএনপির ডাকা হরতালে বাস চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রবিবার রাজধানীতে বাস চালবে।

এদিকে, হরতালের সমর্থনে রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পুড়িয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল।

তিনি বলেন, সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

হরতাল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।

ঢাকা সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তাদের অভিযোগ, অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিল না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট দিতে না দিয়ে বের করে দেওয়া হয়েছে।