হরতালে ঢাবিতে ছাত্রদলের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ডাকা বিএনপির হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মিছিল করেছে ছাত্রদল।

রবিবার বেলা ১১টার দিকে মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রদলের মিছিলে থাকা কয়েকজন গাড়িগুলো ভেঙেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

 তবে অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। আমাদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।’

ঢাকা সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তাদের অভিযোগ, অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিল না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট দিতে না দিয়ে বের করে দেওয়া হয়েছে।