সুবর্ণচরে ভোটের রাতে ধর্ষণ: প্রধান আসামির জামিন নামঞ্জুর

জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে দল  বেঁধে ধর্ষণ মামলায় রবিবার এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। এ ছাড়া দুই প্রধান আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। 

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) শামছু উদ্দিন খালেদের আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছালেহ আহমদ সোহেল খান ও নিজাম উদ্দিন হক জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পক্ষে ভোট না দেওয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে ওই রাতেই দল বেঁধে চার সন্তানের জননীকে (৩৮) ধর্ষণ মামলায় রবিবার চার্জশিটের ১১নং সাক্ষী সামছুন্নাহারের সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া ১৬১ ধারার জবানবন্দির কিছু গুরুত্বপূর্ণ অংশ অস্বীকার করলে রাষ্ট্রপক্ষ তাকে বৈরী ঘোষণা করে।

এদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও হাসান আলী ভুলুর জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।