ইভিএমে ফল প্রকাশে দেরির কারণ জানাল ইসি

ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রায় ১১ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভোটের ফলাফল পেতে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দেরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে এর সত্যতা স্বীকার করে তিনি বলেন, ট্যাবের মাধ্যমে আমরা যে ফলাফল নিয়েছি, ওইখানে নেটওয়ার্কে বা আমাদের কিছু যান্ত্রিক বা টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের ফলাফল দিতে বিলম্ব হয়েছে।

দুই সিটি করপোরেশনের ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার থাকলেও ভোট দিয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ১৪৬ জন। প্রায় ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

দক্ষিণে ভোট পড়েছে ২৯ দশমিক ২ শতাংশ, উত্তরে পড়েছে শতকরা ২৫ দশমিক ৩০ ভাগ।

ইভিএমের ফলাফল ভোট শেষে আধা ঘণ্টার মধ্যেই হয়ে গেছে জানিয়ে, আবুল কাসেম বলেন, ‘পথে আসতে দেরি হয়েছে। পরবর্তীতে আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়েছে। এগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

দেরিতে ফলাফল প্রকাশের বিষদ ব্যাখ্যায় এই কর্মকর্তা বলেন, ‘আমাদের ভোটগ্রহণ হয়েছে বিকেল ৪টা পর্যন্ত। সর্বোচ্চ সাড়ে ৫টা বা ৬টার মধ্যে ইভিএমের ফলাফল কেন্দ্রে হয়ে গেছে। আমাদের এলাকা অনেক বড়, সেই সাতারকুল, বেরাইদ পর্যন্ত। ওইখানে আমাদের যে নেট ছিল, তা ধীর গতির ছিল। এ কারণে আমাদের দেরি হয়েছে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমে উত্তর সিটির ফল প্রকাশের কথা থাকলেও পরবর্তীতে তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে যেকোনোভাবে নেটওয়ার্ক ধীর গতির থাকায় ফল প্রকাশ দেরি হওয়ার অন্যতম কারণ বলেও দাবি করেন আবুল কাসেম।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, ফলাফলের যে একীভূত বিবরণী, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে বিকেলের মধ্যেই আমি ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আমার মনে হয়, গেজেট আকারে প্রকাশ করতে বেশি সময় লাগবে না। তবে এ সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।