প্রাণের ঝুঁকি নিয়ে কুয়াতে পড়ে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছেন এক তরুণী।
ভারতের কর্নাটকের ম্যাঙ্গালুরুর ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। অসীম সাহস নিয়ে কুকুরটি উদ্ধারের ২ মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করা হয়।
‘কুকুরটিকে যিনি এভাবে বাঁচালেন, তার ভাল হোক’ শিরোনামের ভিডিওটি নাম না জানা ওই নারীকে নেটিজেনরা সাধুবাদ জানান। ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পরেই প্রায় ২০ হাজার মানুষ দেখেছেন। অজস্র মানুষ লাইক-কমেন্ট করেছেন।
ওই ভিডিওটিতে দেখা যায়, কুয়ায় পড়ে হাবুডুবু খাওয়া একটি কুকুর উদ্ধার করতে নিজের শরীরে দড়ি বেঁধে কুয়াটির মধ্যে নামছেন এক তরুণী। সাহসিকতার সঙ্গে ক্রমে নীচে নেমে পানি পর্যন্ত পৌঁছে যান তিনি। এর পরে কুয়ার উপরে দাঁড়িয়ে থাকা লোকজন আর একটি দড়ি উপর থেকে নীচে ফেলে দেন। তিনি সেই দড়িটি দিয়ে কুকুরটিকে ভাল করে বেঁধে দেন। এর পরে ওপরের লোকজন কুকুরটিকে টেনে তুলে কুয়ার বাইরে নিয়ে আসে।
কিন্তু কুকুরটি উঠে এলেও ওই নারীর একা একা কুয়ার ওপরে উঠে আসা সহজ হয়নি। অনেক কসরৎ করে, সকলের সাহায্যে কুয়াটির গা বেয়ে বেয়ে উঠে বহু কষ্টে বাইরে বেরিয়ে আসেন তিনি।
কালো রঙের কুকুরটি ওই তরুণীর পোষ্য কিনা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাবশত কুকুরটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল।