ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আলোচনায় ছিল পোস্টার। লেমিনেটিং করা পোস্টার নিয়ে আদালতও দিয়েছে রায়। বিপুলসংখ্যক পোস্টারের কী হবে তা নিয়েও ছিল সংশয়।
রোববার দুই সিটির নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপসও জানিয়েছেন পোস্টার নিয়ে তাদের উদ্যোগ ও উদ্বেগের কথা।
তবে অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ। এই শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠনটি নির্বাচনী পোস্টার দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য লেখার খাতা তৈরি করবে।
রোববার তারা ফেইসবুকে জানায়, 'ভোট যুদ্ধ শেষ, মূল্যহীন হয়ে পড়েছে প্রচারণার এই পোস্টারগুলো। এই কাগজগুলো হয়তো চলে যাবে ডাস্টবিনে কিংবা ময়লা হয়ে ঝুলে থাকবে মাসের পর মাস। কিন্তু চাইলে পুরাতন এই পোষ্টারগুলোকে সম্পদে রূপান্তর করা যায়।
আমাদের স্বেচ্ছাসেবীরা আজ ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে এই পোস্টারগুলো সংগ্রহ করছে, তাতে তৈরি করবে কিছু এতিম শিশুর জন্য খাতা, প্লাস্টিকে প্যাকেজ হবে শীতের কাপড় আর দড়ি ব্যবহার হবে চাল-ডাল প্যাকেজিং-এ।
জানি পাগলামি চিন্তা, তবুও বোকা মনকে অনুসরণ করতে চাই, সমাজকে ভিন্নভাবে ভাবাতে চাই'।