পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়হীন থাকল নিউজিল্যান্ড। এড়াতে পারল না হোয়াইটওয়াশের লজ্জা। রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিপক্ষে ৭ রানে হেরেছে কিউইরা।
আগেই সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় এদিন বিরাট কোহলি ছিলেন বিশ্রামে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে মাঠে নামলেও চোটের কারণে ছিটকে যান ব্যাটিংয়ের মাঝে। যাদিও তার আগে ৪১ বলে দলীয় সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ৩টি করে চার ও ছক্কায়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৩ রানের পুঁজি গড়ে ভারত। রোহিতের ইনিংস ছাড়া লোকেশ রাহুল ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ৪ চার ও ২ ছক্কায়। শ্রেয়াস আয়ার খেলেন অপরাজিত ৩৩ রানের ইনিংস।
জবাবে রস টেলরের ৫৩ ও টিম সেইফার্টের ৫০ রানের পরও ৯ উইকেটে ১৫৬ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। জাসপ্রিত বুমরাহ সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ৪ ওভার বল করে খরচ করেন মাত্র ১২ রান। হয়েছেন ম্যাচসেরা।
তবে এদিন একটা লজ্জার রেকর্ডে নাম উঠেছে শিবম দুবের। ১ ওভার বল করে খরচ করেন ৩৪ রান। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং এটি। তার চেয়ে খরুচে ওভার কেবল ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের (ওভারে ৩৬)।
সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে নেয় ভারত। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ভারত জয় পায় সুপার ওভারে।
পূর্নাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। বুধবার হ্যামিল্টনে প্রথম ওয়ানডে।