টানা বিক্ষোভের মধ্যেই ইরাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। গত শনিবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তৌফিক আলাউয়িকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
সরকারবিরোধী তুমুল গণবিক্ষোভের জেরে নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগ করেছিলেন। দেশটিতে চার মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও সহিংসতা এরই মধ্যে কয়েকশ আন্দোলনকারীর প্রাণ কেড়ে নিয়েছে।
মাহদির পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এলেও বিক্ষোভকারীরা তাদের প্রত্যাখ্যান করেছিলেন। পার্লামেন্ট শিগগিরই নতুন একজন প্রধানমন্ত্রীর ব্যাপারে একমত না হলে প্রেসিডেন্ট নিজেই এ দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন।
নতুন একটি সরকার গঠনে এক মাস সময় পাওয়া আলাউয়ি ইরাকের আগামী সংসদ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিয়া এ রাজনীতিবিদ বিক্ষোভকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইরাকিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনাদের ত্যাগ আর সাহস না থাকলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। আপনাদের ওপর আমার আস্থা আছে আর এ কারণেই আমি আপনাদের বিক্ষোভ অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।’