স্কুলছাত্রীর মৃত্যু, মেলেনি নিপাহ ভাইরাসের জীবাণু

শ্বাসকষ্ট ও খিঁচুনি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়া স্কুলছাত্রী সাদিয়া আক্তারের (১৬) মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

সাদিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার চাওবন গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আবদুস সাত্তারের মেয়ে এবং বাওনি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার রাতে ঢামেকে ভর্তির পর চিকিৎসকরা জানান, সাদিয়া নিপাহ ভাইরাসে আক্রান্ত বলে তারা ধারণা করছেন। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার রক্ত পরীক্ষা করানো হয়।

ঢামেক পরিচালক আরও জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ একাধিক রোগে সাদিয়ার অবস্থা আগেই আশঙ্কাজনক ছিল। নিপাহ ভাইরাসে আক্রান্ত ধারণা করা হলেও রক্ত পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির জীবাণু পাওয়া যায়নি।

সাদিয়ার চাচা আবদুস সামাদ জানান, হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস সেন্টার থেকে সাদিয়াকে কেবিনে দেওয়া হয়। পরে শনিবার ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউতে নেওয়ার কথা বলেন। কিন্তু ঢামেকে আইসিইউতে সিট খালি ছিল না। পরে ওয়ার্ডেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, রাতেই মরদেহ গ্রামে আনা হয়। এরপর  রবিবার দুপুরে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।

স্বজনরা জানান, দুই বছরের বেশি সাদিয়ার শ্বাসকষ্ট। স্কুলে প্রায়ই অচেতন হয়ে পড়ত। খিঁচুনিও হতো। শুরুতে কম থাকলেও এখন প্রায় প্রতিদিন এসব হতো। গত ১৪ জানুয়ারি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সাদিয়াকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কিছুটা সুস্থ হলে বাড়ি নেওয়া হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ২৭ জানুয়ারি ফের তাজউদ্দীন মেডিকেলে ভর্তি করা হয়। পরে ঢামেকে আনা হয়।