দুই বাসের রেষারেষিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই বাসচালকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এতে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে। চার্জশিট জমা দেওয়ার প্রায় দেড় মাস পর গতকাল রবিবার বিষয়টি জানাজানি হয়। গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দণ্ডবিধির ৩০৪-খ ধারায় চার্জশিটটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী।
আদালত সংশ্লিষ্টরা জানান, চার্জশিটভুক্ত আসামিরা হলেন বিআরটিসির বাসচালক ওয়াহেদ সরদার ও স্বজন পরিবহনের বাসচালক খোরশেদ আলম। বর্তমানে তারা জামিনে আছেন। গতকাল চার্জশিট গ্রহণের শুনানির দিন ছিল। এদিকে বাদীপক্ষকে না জানিয়ে পুলিশ চার্জশিট দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাজীবের পরিবার। এছাড়া চার্জশিটে যুক্ত করা আইনের ধারা নিয়েও আপত্তি তাদের। এ প্রেক্ষাপটে চার্জশিটের বিষয়ে না-রাজি আবেদন করার কথা জানিয়েছেন রাজীবের খালা জাহানারা বেগম (অভিযোগপত্রের পাঁচ নম্বর সাক্ষী)।