করোনাভাইরাস থেকে বাঁচতে চীন থেকে ভারত হয়ে দেশে ফেরা এক শিক্ষার্থীকে (২৩) তার নিজ বাড়িতে ১৪ দিনের পর্যবেক্ষণে রেখেছে উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।
হিলি ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই ছাত্র চীন থেকে ভারত হয়ে দেশে ফেরেন। সে চীনের ইউহান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সাঈদ জানান, ইমিগ্রেশনে কর্তব্যরত মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না পাওয়ায় তাকে বাড়িতে পাঠানো হয়।
এদিকে ওই ছাত্রের মা জানান, গত পাঁচ মাস আগে তার ছেলেকে চীনে লেখাপড়া করার জন্য পাঠানো হয়। করোনাভাইরাসের ভয়াবহতা দেখে তারা বাংলাদেশে থেকে ভারত হয়ে দেশে আসার প্লেনের টিকিট কেটে পাঠান। তারপর সে হিলি স্থল বন্ধর দিয়ে গত শুক্রবার দেশে আসে।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতা সম্পর্কে ধারণা না থাকায় তার ছেলে বাড়িতে ফিরে স্বাভাবিকভাবেই পরিবার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করেছে। বিষয়টি জানতে পেরে রোববার রাতে দিনাজপুর সিভিল সার্জন, ইউএনও এবং ওসি বাসায় আসেন। এ সময় তার ছেলেকে দুই সপ্তাহ ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছেন তারা।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, করোনাভাইরাসের লক্ষণ দুই সপ্তাহ পর্যন্ত প্রকাশ পায় না।
দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দছ বলেন, ওই শিক্ষার্থীটির শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই, তারপরও তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী তার নিজ বাড়িতে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে ও নানারকম পরামর্শ প্রদান করা হয়েছে।