পাকিস্তানে ‘যুদ্ধের আগে’ নিজেদের সম্বলই ভরসা মুমিনুলের

পাকিস্তানে যাওয়ার আগে টেস্টের আদর্শ প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট কোচ রাসেল ডমিঙ্গো। কোচের সঙ্গে দ্বিমত নেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। তবে এ ক্ষেত্রে মুমিনুলের দর্শনটা এমন- যুদ্ধে নামার আগে নিজেদের যা আছে তা নিয়েই ভাবা।

সোমবার সংবাদমাধ্যমকে এমনটাই বললেন টাইগার দলপতি মুমিনুল, ‘আমার কাছে মনে হয় যেটা আছে আমাদের সেটা নিয়েই যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়...।’

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মাঠে গড়াবে শুক্রবার। এই টেস্টের আগে টাইগাররা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচ খেলে।

যেখানে তামিম ইকবাল ত্রিপল সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসরা। নাঈম হাসান ৬ উইকেটের দেখা পেয়েছেন। এগুলো যে রাওয়ালপিন্ডি টেস্টে টাইগারদের আত্মবিশ্বাসী করবে সেটি মানছেন ডমিঙ্গো নিজেও।

এরপরও তিনি বাস্তবতার কথা তুলে ধরতে দ্বিধা করেননি। সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রস্তুতির জন্য এটা আদর্শ নয়। যে কেউ টেস্ট ম্যাচের ৭-৮ দিন আগে যেতে চাইবেন। একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইবেন। কয়েক দিন প্রস্তুতি নিতে চাইবেন। আমাদের জন্য এটা ভালো কোনো প্রস্তুতি নয়...।’ তবে বিষয়টি যে নিজেদের হাতে নেই সেটি বলেছেন ডমিঙ্গো।

মুমিনুলও বলছেন, ‘আমার কাছে মনে হয় এটা তো আমার হাতেও নেই। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। আমার কাছে মনে হয় যেটা আছে আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়। কিছু করার থাকে না।’

‘এই পরিস্থিতিতে নিজেরা যে যেভাবে অ্যাডজাস্ট করতে পারে সেটাই চেষ্টা করি আর কি। আগে থেকে এ রকম নেগেটিভ চিন্তা না করে আমার মনে হয় যা সম্বল আছে তা নিয়ে এগিয়ে যাওয়া ভালো।’

বিসিএলের প্রথম রাউন্ডে খেলে পাকিস্তান সফরের ভালো প্রস্তুতিও হয়েছে বলে মনে করেন মুমিনুল, ‘সবকিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে ভালো প্রস্তুতি হয়েছে। বোলাররা... ব্যাটসম্যানরা ভালো ভালো ইনিংস খেলেছে। সিনিয়র যারা ছিল, যারা ‘এ’ টিমে খেলেছে, আমাদের অন্য যারা সবাই।’

‘চারটা বিসিএল টিমে যারা টেস্ট স্কোয়াডে আছে আমার মনে হয় তারা ভালো ভালো ইনিংস খেলেছে। ওই হিসেবে চিন্তা করলে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে।’