বিশ্বজুড়ে মহামারির আকার নেয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধের ওষুধ আবিষ্কারের দাবি করেছেন থাইল্যান্ডের চিকিৎসকরা। তাদের ওষুধে ইতিমধ্যে তিন রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
থাইল্যান্ডের চিকিৎসকরা জানান, এইচআইভি এবং সাধারণ সর্দির সারানোর ওষুধের ককটেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম। ব্যাংককের রাজাভীতি হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ভর্তি রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শারীরিক অবস্থার বিশাল পরিবর্তন দেখা গেছে।
চীনের ইউহান প্রদেশ থেকে করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়ে এক ৭০ বছরের মহিলা রাজাভীতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাকে এইচআইভি এবং সাধারণ সর্দির সারানোর ওষুধের ককটেল খাওয়ানোর ১০ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে।
রাজাভীতি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ক্রিয়াংস্কা আতিপনওয়াইনচ বলেন, আমরা এখনই বলছি না, এটাই করোনা সংক্রমণ রোখার একমাত্র উপায়। কিন্তু এই ওষুধ প্রয়োগের ৪৮ ঘণ্টার মধ্যে সংক্রামিত রোগীদের দেহে ভাইরাস আর থাকছে না। ১০ দিনের মধ্যে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।
চীনা প্রশাসন ইতিমধ্যে এই ককটেল ওষুধ ব্যবহারের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। এদিকে করোনায় আক্রান্তদের ওপর অ্যান্টিবায়োটিক কাজ করবে না জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা আরও জানায়, বয়স্ক মানুষদের অ্যাজমা, বহুমূত্র কিংবা হৃদ্রোগের মতো অসুখ থাকলে তাদের এই ভাইরাসের প্রকোপে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।