পবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন বুধবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২য় সমাবর্তন বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এ সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন ৬৩ জন শিক্ষার্থী।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ৬৩ কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় চার হাজার আসনবিশিষ্ট সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে।

সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৫টি উপকমিটি কাজ করছে। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করছে।

২য় সমাবর্তনকে সামনে রেখে গ্র্যাজুয়েটদের কালো গাউনে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। পাশাপাশি সমাবর্তনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে মূল ক্যাম্পাসসহ আশপাশের এলাকা।

শিক্ষা জীবনের সর্বোচ্চ প্রাপ্তির এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কালো গাউন আর মাথায় টুপি পরে ছবি ধারণে মেতে উঠেছে সাবেক শিক্ষার্থীরা। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। '

এবারের সমাবর্তনে প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। যার মধ্যে স্নাতক এক হাজার নয় শত আটষট্টি জন, স্নাতকোত্তর নয় শত একান্ন জন ও পিএইচডি নয়জন অংশগ্রহণ করবেন।

গত বছর ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত চলে।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন  অনুষদের ডিভিএম থেকে ২০০৩-০৪ শিক্ষাবর্ষ হতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও অন্যান্য সকল অনুষদ থেকে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ হতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং জানুয়ারি-জুন ২০১৯ সেশন পর্যন্ত এমএস/এমবিএ ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সকল ছাত্র-ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে।

সমাবর্তন শেষে সন্ধ্যায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান তারকা ‘সানিয়া সুলতানা লিজা’ ও ব্যান্ড দল ‘জলের গান’।