রাঁধুনির কানে হেডফোন, ফুটন্ত রান্নার পাত্রে পড়ে মরল শিশু

স্কুলের মিড-ডে মিল রান্নার সময় গরম পাত্রে পড়ে গিয়ে মৃত্যু হলো ৩ বছর বয়সী এক শিশুর। ভারতে উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি স্কুলে এই ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়,  লালগঞ্জ এলাকায় রামপুর আটারি প্রাইমারি স্কুলে মিড-ডে মিল রান্না করছিলেন রাঁধুনি। এ সময় তার কানে হেডফোন থাকায় শিশুটিকে খেয়াল করেননি তিনি।

শিক্ষা কর্মকর্তা রামমিলন যাদব জানান, নির্মাণের জিনিসপত্রে পা বেঁধে হোঁচট খেয়ে মিড-ডে মিলের পাত্রে পড়ে যায় শিশুটি।

তাকে দ্রুত উদ্ধার করে সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় ডিভিশনাল হাসপাতালে। এরপরেও শেষ রক্ষা হয়নি তার। চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।

এদিকে রাঁধুনির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন শিশুটির বাবা। তার অভিযোগ, কানে হেডফোন থাকায় রাঁধুনি প্রথমে খেয়ালই করেনি শিশুটি রান্নার পাত্রে পড়ে গিয়েছে। পরে যখন সে দেখতে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

এই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।