যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পচেফস্ট্রুমে টস জিতে আগে ব্যাট করে নিজেদের পুঁজিটাকে বড় করতে পারেনি পাকিস্তান। ৪৩.১ ওভারে ১৭২ রানে গুটিয়ে গেছে দলটি।
প্রতিযোগিতার বর্তমান ও সর্বাধিক চার বারের চ্যাম্পিয়ন ভারতের হয়ে দুর্দান্ত বল করেছেন সুশান্ত মিশ্রা, কার্তিক তেয়াগি ও রবি বিষ্ণোই।
অধিনায়ক রোহাইল নাজিরের ৬২ ও ওপেনার হায়দার আলির ৫৬ রানের পরও তাই পাকিস্তানের স্কোরটা বড় হয়নি। ৩ উইকেটে ১১৮ রান পর্যন্ত যাওয়ার পরও হঠাৎ পথ হারিয়ে আর ৫৪ রানে যোগ করতেই থামে দলটির ইনিংস।
ভারতের পক্ষে সুশান্ত মিশ্রা সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। কার্তিক তেয়াগি ও রবি বিষ্ণোই নিয়েছেন ২টি করে উইকেট।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।