নিবন্ধন ব্যয় কমানোর দাবি রিহ্যাবের

আবাসন শিল্পে নিবন্ধন ব্যয় কমিয়ে ৬-৭ শতাংশে আনার দাবি জানিয়ে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) চট্টগ্রাম কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেছেন, এখনো সব নাগরিকের জন্য দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংকঋণের উচ্চ সুদহার এ খাতের বড় প্রতিবন্ধকতা।

তিনি বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ ভূমিকা রাখা আবাসন খাত এগিয়ে গেলে নাগরিকদের মৌলিক চাহিদা বাসস্থান পূরণের পাশাপাশি শিল্প-কারখানা বিকশিত হবে। এতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই নিবন্ধন ব্যয় কমানো জরুরি।

মঙ্গলবার চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম রিজওনাল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের মেলায় ৭৩টি স্টল থাকবে। এতে আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসহ কয়েকটি লিকেজ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় গোল্ড স্পনসর হিসেবে ২টি, কো-স্পনসর হিসেবে ১৮টি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ১৪টিসহ মোট ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।