পবিপ্রবির সমাবর্তন আজ

রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন ৬৩ শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন ৬৩ শিক্ষার্থী। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় চার হাজার আসনবিশিষ্ট প্যান্ডেল তৈরি করা হয়েছে। সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে মূল ক্যাম্পাসসহ আশপাশের এলাকা।

এবারের সমাবর্তনে প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। যার মধ্যে স্নাতক ১৯৬৮ জন, স্নাতকোত্তর ৯৫১ জন ও পিএইচডি নয়জন। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও অন্যান্য অনুষদ থেকে ২০০৫-০৬ শিক্ষার্বষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রি পাওয়া ছাত্রছাত্রী এবং জানুয়ারি-জুন ২০১৯ সেশন পর্যন্ত এমএস/এমবিএ ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের সমাবর্তন অনুষ্ঠানে সনদ দেওয়া হবে। সমাবর্তন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।