ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় মধ্য দিয়ে ১১ ছাত্রলীগ নেতাসহ ১২ জনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নিহত ছাত্রনেতাদের স্মৃতিরক্ষায় নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুজন দত্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
২০১১ সালের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্তসহ জেলা ছাত্রলীগের ১১ জন ও যুবলীগের এক কর্মী নিহত হন।