প্রতিরোধ এবং চিকিৎসাসেবায় বিনিয়োগের অভাবে ২০৪০ সালের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রাণঘাতী ক্যানসারের প্রকোপ ৮১ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচও।
এসব দেশ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে অন্যান্য সংক্রামক ব্যাধি ও মাতৃ এবং শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের সীমিত সম্পদ ব্যয়ে মনোনিবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে ক্যানসারে মৃত্যুহার সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক রেন মিঙহুই বলেছেন, ধনী এবং দরিদ্র দেশগুলোতে ক্যানসারের সেবায় মেনে না নেওয়ার মতো এ বৈষম্য আমাদের জেগে ওঠার এক আহ্বান।
তিনি বলেন, যদি প্রাথমিক সেবা এবং চিকিৎসা ব্যবস্থায় মানুষের সহজ প্রবেশাধিকার থাকে, তাহলে প্রাণঘাতী এ রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত, কার্যকর চিকিৎসা এবং নিরাময় করা যেতে পারে।
বিশ্ব ক্যানসার দিবসে প্রকাশিত ডব্লিউএইচওর এ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে আড়াই হাজার কোটি ডলার (২৫ বিলিয়ন ডলার) বিনিয়োগই শুধু ক্যানসারের ছোবল থেকে ৭০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে। ডব্লিউএইচওর সংক্রামক ব্যাধি ব্যবস্থাপনা বিভাগের প্রধান অ্যান্ড্রু ইবায়ি বলেছেন, ক্যানসারের নিয়ন্ত্রণ ব্যয়বহুল হওয়া ঠিক হবে না।