সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক

ঢাকার সিটি নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত আগামী নিউজ ডটকমের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন বিএনপির দুই পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বর বেডে চিকিৎসাধীন সুমনকে দেখতে যান তারা।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারও ওপর হামলা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য বজায় রাখতে। এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) নিশ্চুপ থাকা আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আরও বেশি দূরে ঠেলে দেয়।’ তিনি বলেন, ‘ইসিকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে নির্বাচনের দিনের কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃত বানচাল করে দিয়েছে।’