সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’তে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সামনে ক্ষণগণনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস ও জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুজিববর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। বিজ্ঞপ্তি।