দিল্লি নির্বাচনের ঠিক তিন দিন আগে সংসদে দাঁড়িয়ে রামমন্দির ট্রাস্ট নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, ‘আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্ট রাম মন্দির নির্মাণ ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।’
এর পরই মোদি সবাইকে আহ্বান জানান, ‘আসুন অযোধ্যায় রামমন্দির নির্মাণকে সমর্থন জানাই।’
তার এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সরকার পক্ষের সাংসদরা সংসদে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলেন।
রামমন্দির ট্রাস্ট কোনো নতুন ব্যাপার নয়। ভারতের শীর্ষ আদালত গত বছর নভেম্বরের শুরুতে তিন মাসের ভেতর ট্রাস্ট গঠনের নির্দেশ দেয়। বিষয়টি নিয়ে এতদিন তেমন কথা বলেননি মোদি। দিল্লিতে নির্বাচন দেখতেই ভোটারদের কাছে টানতে এটি নিয়ে কথা বলা শুরু করেছেন।