করোনাভাইরাস: ১০ মিনিটেই বিয়ে সেরে রোগীর কাছে ফিরলেন চিকিৎসক

চীনে বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। এরই মধ্যে দেশটিতে মারা গেছেন ৪৯০ জন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়াসহ এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ২০টি দেশে।

এই মুহূর্তে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা।

ফলে দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর কাজের চাপ বেড়ে গেছে কয়েকগুণ। ভাইরাস মোকাবিলায় তাদের ত্যাগ ও নিষ্ঠার এর মধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

এনডিটিভি জানায়, রোগী দেখার চাপে এমনকি বিয়ের জন্য পর্যন্ত সময় পাচ্ছেন না চীনের চিকিৎসক-নার্সরা। এমন ঘটনা ঘটেছে দেশটির শানডংয়ে।

শানডংয়ের হেজে এলাকায় ৩০ জানুয়ারি একজন চিকিৎসক বিয়ে করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি ফিরে যান হাসপাতালে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনাভাইরাসের দাপটের আগেই বিয়ে ঠিকঠাক হয়েছিল লি ঝিকিয়াং নামে ওই চিকিৎসকের। তিনি শানডং বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি হাসপাতালে কর্মরত। 

তবে বিয়ের জন্য মাত্র ১০ মিনিট সময় নেন ঝিকিয়াং। তার এমন সিদ্ধান্তে সমর্থন দেন স্ত্রী ইয়ুন হোংগ্যানও।

তাদের বিয়ের ছবি প্রকাশ পেয়েছে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে। ছবিতে নবদম্পতিকে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরিহিত অবস্থায়। সেই ছবি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে।