ভেজাল খাবারের স্বাস্থ্য ঝুঁকিতে দেশের ৪৫ লাখ মানুষ

দেশের প্রায় সকল ভোগ্যপণ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে দাবি করে নিরাপদ খাদ্য ও ভোগ্যপণ্য আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, প্রতিনিয়ত ভেজাল খাবার খাওয়ায় ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য তুলে ধরে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাবার তৈরি এবং বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন আলোচকরা।

মানববন্ধন থেকে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে বর্তমানে শতকরা ১৬ ভাগ মানুষ কিডনি রোগে আক্রান্ত। রাসায়নিক মেশানো খাবার খেয়ে কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ খাবারে ভেজাল। মৌসুমি ফলেও রাসায়নিক প্রয়োগ করা হয়।

রমজানে সকল ভোগ্যপণ্য ভেজালমুক্ত রাখার দাবি জানিয়ে তারা বলেন, এ জন্য নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ বাস্তবায়ন করা জরুরি।

মানববন্ধনে ব্যারিস্টার জাকির হোসেন, আয়োজক সংগঠনের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, সভাপতি সংগঠনের প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম প্রমুখ বক্তব্য রাখেন।