রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। তাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ (এক্সটেনশন) এ কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেনি। রোহিঙ্গা সংকটে যে সকল আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করেছে, তাদের সঙ্গে আলোচনার পর সে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু ভাসানচরের চেয়ে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। খুব শিঘ্রই প্রত্যাবাসনের উদ্যোগ সফল হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায় আজ ১২ লাখের বেশি রোহিঙ্গার জীবন বেঁচে আছে। জাতিসংঘের ৭৩তম অধিবেশনও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দফা চেষ্টার পরও রোহিঙ্গাদের শর্তের মুখে প্রত্যাবাসন প্রক্রিয়া চালু করা যায়নি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মীর মোস্তাফা আহমদ হোসেন এমপি, আর এন জুয়েল এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ জাহান আলী, উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, সরকারি, বেসরকারি, দাতা সংস্থা, এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।